বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, আগামীতে বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগরিষ্ঠ’—এই শব্দগুলো আমরা রাখব না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান—যে ধর্মেরই মানুষ হোক না কেন, বাংলাদেশের মাটিতে সবাই সমান অধিকার ভোগ করবে। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়।
মঙ্গলবার দুপুরে খুলনা নগরীর দৌলতপুর থানার ৪ নং ওয়ার্ডের দেয়ানা উত্তরপাড়া স্কুল রোড এলাকাবাসীর আয়োজনে সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত দিনের জনপ্রতিনিধিদের জবাবদিহিতার বিষয়টি সামনে এনে রকিবুল ইসলাম বকুল বলেন, নেতা হতে চান, এমপি হতে চান—কিন্তু জনগণের কাছে আপনাদের জবাবদিহিতা থাকতে হবে। যারা এমপি হতে চান তাদের কাছে জানতে চাইবেন—আপনাদের বাসার হোল্ডিং নম্বর কত? বিপদে পড়লে জনগণ কার কাছে যাবে? অতীতে যারা এমপি ছিলেন, তারা খুলনার উন্নয়নে কী করেছেন তার হিসাব আগে দিতে হবে। ভোট চোর, লুটেরা এবং জনবিচ্ছিন্নদের আর কোনো স্থান হবে না।
খুলনার উন্নয়ন বঞ্চনার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর হলেও একে তৃতীয় শ্রেণীর শহরে পরিণত করা হয়েছে। এখানকার শিল্প-কারখানা বন্ধ, যুবকরা বেকার। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, তাতে স্পষ্ট বলা হয়েছে—আমরা ক্ষমতায় গেলে ১ কোটি বেকারের কর্মসংস্থান করব। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে মানুষ বিনামূল্যে চিকিৎসা পায় এবং নিত্যপন্যের নিশ্চয়তা পায়।
আসন্ন নির্বাচন ও ভোটের পরিবেশ নিয়ে বকুল বলেন, “ভোটের অধিকার অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবে—এটাই আমাদের দাবি। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আগামীতে আর কোনো চালবাজির রাজনীতি চলবে না। যারা জনগণের সুখে-দুখে পাশে থাকবে, জনগণ তাদেরকেই বেছে নেবে।
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে থাকবেন। এই দেশ আপনাদের, এই মাটি আপনাদের। দুষ্কৃতিকারীদের কোনো ধর্ম নেই, তাদের কোনো দল নেই। কেউ যদি আপনাদের ওপর কোনো অন্যায় আচরণ করার চেষ্টা করে, তবে বিএনপিসহ এলাকাবাসী মিলে তা প্রতিহত করবে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে রাতে ঘুমানোর সময় কাউকে আতঙ্কে থাকতে হবে না।
লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা তিন আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, সঞ্চালনায় ছিলেন মোঃ আরমান শেখ উপস্থিত ছিলেন, আরিফ বিল্লাহ, মোঃ ইসরাফিল সরদার, রুবায়েত হোসেন বাবু, আলহাজ্ব সেখ আব্দুল মান্নান, আকুঞ্জি হারুন অর রশিদ, এম মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন,কামরুজ্জামান, শহিদুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম বাচ্চু, জাহিদ হাসান খসরু, আসাদুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী নেতারা ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন- মাগুরায় এক বছরেও চালু হয়নি কোটি টাকার প্রবীণ নিবাস
দেখুন- বিভিন্ন জেলায় নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন


