বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অপরাধে এক ব্যক্তিকে গণপিটুনির পর তার দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে । তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলার সাহিদের মোড় এলাকায় ঘের থেকে মাছ চুরি করার অপরাধে শুকুর আলী মৃধা (৪৫) নামে ঐ ব্যক্তির সাথে এই নৃশংস নির্যাতনের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি মোল্লাহাট উপজেলার কাঁচনা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি মাছের ঘের থেকে মাছ চুরি করার সময় শুকুর আলীকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিতে শুরু করে। এক পর্যায়ে অতি উৎসাহী কয়েকজন ব্যক্তি তার ওপর ভয়াবহ নির্যাতন চালায় এবং দুই চোখ উপড়ে ফেলে।
পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, তার চোখ উপড়ে ফেলায় মারাত্মক ইনজুরি হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে মারপিট করায় নীলফোলা জখম হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত রয়েছেন।
এ বিষয়ে আহত শুকুর আলীর মৃধার পরিবারের সাথে চাইলে তারা কোন সদুত্তর দেয়নি।
তবে এ ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সে ব্যাপারে ফুটেজ সংগ্রহসহ তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে মোল্লাহাট থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক নাগরিক টেলিভিশনকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন- জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী
দেখুন- ‘ক্রীড়া প্রতিমন্ত্রীর চাপে পদত্যাগ করছেন বিসিবি পরিচালকরা’


