বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে । শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ১২টায় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে দিবসটি উদযাপনের কর্মসূচি শুরু হয়।
রবিবার সকালে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। শনিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
এর পরেই বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ পুস্পস্তবক অর্পন করেন।পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী পুস্পস্তবক অর্পন করে শহীদদের সম্মান জানান। এরপর বাগেরহাট জেলা বিএনপি,বাগেরহাট প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ সংসদ, যুবদল,ছাত্রদল, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র, বাগেরহাট সড়ক বিভাগ, মৎস্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পুস্পস্তবক অর্পনে অংশগ্রহণ করেন । এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া জেলার মোংলা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয় দিবসটি। ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বাগেরহাট–৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া এ দিবস উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পড়ুন : পঞ্চগড়ে ভোট কেন্দ্রে নিম্নমানের সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচনী বরাদ্দে অনিয়মের অভিযোগ


