বাগেরহাটের পচা দিঘী এলাকা থেকে শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দিঘীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত সুমন্ত বিশ্বাস চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডি মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার দুপুরে বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া এলাকার একটি বাড়িতে কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের সময় খাবার খাওয়ার কথা বলে বের হয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ দিঘীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা : ৪৮ ঘণ্টা পর অবশেষে মামলা হয়েছে


