সুন্দরবনে বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) ভোরে পশুর নদীর সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়ার যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭), দু’জনই মোংলা এলাকার বাসিন্দা।
তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।
পড়ুন : বাগেরহাটে সেতুর নিচ থেকে অচেতন অবস্থায় ব্যবসায়ী উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু


