বিজ্ঞাপন

বাজারের দোকান দখল নিয়ে সংঘর্ষ: নেত্রকোনায় ছাত্রদল নেতা বহিষ্কার

নেত্রকোনার কলমাকান্দায় বাজারের দোকান দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‍“দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”

সংগঠনটি আরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, নাজমুল ইসলামের ব্যক্তিগত কোনো অপকর্মের দায় ছাত্রদল বহন করবে না। পাশাপাশি, তার অপকর্মের ব্যাপারে সাধারণ জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করা হয়েছে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, লেঙ্গুরা ইউনিয়নের বটতলা বাজারে একটি ঘর দখলকে কেন্দ্র করে ইউপি সদস্য হোসেন আলীর সঙ্গে ছাত্রদল নেতা নাজমুল ইসলামের বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সপ্তাহখানেক আগে নাজমুল ইসলামের নেতৃত্বে ওই ঘরটি দখলের চেষ্টা করা হয়েছিল, কিন্তু স্থানীয়দের বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

এ ঘটনার জেরে গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন মিলে ইউপি সদস্য হোসেন আলীর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হন ওই ইউপি সদস্য। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই হামলার পর বটতলা বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত ছাত্রদল নেতা নাজমুল ইসলাম। তিনি দাবি করেন, তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ইউপি সদস্যের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “নাসির নামের স্থানীয় এক ব্যক্তি ইউপি সদস্যকে কুপিয়েছেন। আমি এর সাথে জড়িত নই।” নাজমুল আরও দাবি করেন, তিনি স্থানীয় দলীয় গ্রুপিং রাজনীতির শিকার হয়েছেন। দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তে তিনি হতাশা প্রকাশ করেছেন।

পড়ুন:সাপ্তাহিক সময় ও কথার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল

দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন