কৃষি মন্ত্রণালয়ের বাজেটের ৭০ শতাংশ বরাদ্দ দেয়া হচ্ছে সারের ভর্তুকিতে। এতে বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে- বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি সেচ প্রকল্প পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।
দেশে সারের সঙ্কট নেই উল্লেখ করে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, ‘আগামি ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। কিছু কৃত্রিম সমস্যার কারণে সার সঙ্কট বলে প্রচার করা হচ্ছে। সুবিধাভোগী কিছু মানুষের অনৈতিক কর্মকা-ের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের অতিরিক্ত ব্যবহার হচ্ছে। অতিরিক্ত সার ব্যবহার রোধে কাজ করছে সরকার।’
চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় ভূ-গর্ভস্থ পানির ব্যাপক সঙ্কটের বিষয়ে তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নওগাঁতে ভূ-গর্ভস্থ পানির ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। তাই বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে এসব অঞ্চলে কম পানি প্রয়োজন এমন ফসল চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও বৃষ্টির পানি আটকে রেখে ফসলে ব্যবহারের পাশাপাশি ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কৃষিবান্ধব দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে কৃষি সচিব বলেন, বরেন্দ্র অঞ্চলে বর্তমানে ব্যাপক ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। দুটি দিকই বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একদিকে যেমন ফসল উৎপাদন স্বাভাবিক থাকে, তেমনি অন্যদিকে যাতে ভূ-গর্ভস্থ পানি কম ব্যবহার হয় সেদিকে সরকার সজাগ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, মো. নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো আল মামুনুর রশীদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সিসহ অন্যরা।
বিএমডিএ অফিসের উদ্বোধন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয়ের সচিব ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার দুপুরে রহনপুর বাজারে এই ভবনের উদ্বোধন করা হয়। এছাড়া বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কৃষক সমাবেশে অংশ নেন তিনি। সেখানে বিএমডিএ আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী (সেচ) দেলোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান।
পড়ুন:চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ কেজি বিস্ফোরকদ্রব্য জব্দ, থানায় মামলা


