বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস পাচ্ছেন। নতুন সরকার এ বোনাস ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে। যা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, শিক্ষক-কর্মচারীদের বোনাস ৬০ শতাংশ করা হলে বাড়তি ২০০ থেকে ২৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। মোট কত টাকা লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট হিসাব পেতে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে।
অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই যাতে শিক্ষক-কর্মচারীরা বাড়তি বোনাস পান, সে লক্ষ্যেই দ্রুত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এজন্য অধিদপ্তরগুলোকে দ্রুত প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব হাতে পেলেই অনুমোদনের কার্যক্রম শুরু করা হবে।
জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে বোনাস পেতেন। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের টানা আন্দোলনের মুখে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এবার তা আরও ১০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পড়ুন:৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল
দেখুন:৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন নেপালে |
ইমি/


