গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আজাহার আলী (৫৬) নামের এক কৃষক মারা গেছেন। আজ রোববার দুপুরের দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান আজ সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আজাহার আলী ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং তিনি পেশায় কৃষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন কৃষক আজাহার আলী। বেলা সাড়ে ১২ টার দিকে হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : জামালপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল


