লজিস্টিকস খাত নিয়ে এক আলোচনায় বাংলাদেশের বাণিজ্যের জন্য উন্নত রেল যোগাযোগসহ বহু উপায়ের (মাল্টি মোডাল) পরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। আলোচকরা বিশেষত চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের প্রধান শিল্পকেন্দ্রগুলোর রেল যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গত মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-অ্যামচেম ‘লজিস্টিকস খাতের প্রেক্ষাপট নির্মাণ: প্রতিবন্ধকতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয়’ শিরোনামের অংশীজনভিত্তিক এই আলোচনার আয়োজন করে। অ্যামচেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলোচনায় লজিস্টিকস খাতের সদস্যদের পাশাপাশি তৈরি পোশাক, ফ্রেইট ফরোয়ার্ডিং, ইনল্যান্ড কনটেইনার ডিপো, শিপিং লাইন, এয়ারলাইনস, কুরিয়ার সার্ভিস, উন্নয়ন সহযোগীসহ গুরুত্বপূর্ণ অংশীজন অংশ নেন। এ ছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট এবং এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যামচ্যাম বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বাংলাদেশের লজিস্টিকস খাত সময়ের সঙ্গে কিছুটা বিকশিত হলেও এটি এখনও বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে রয়েছে এবং দেশীয় পর্যায়ে যথাযথভাবে অনুধাবিত নয়। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন, ডিকার্বনাইজেশন ও জ্বালানি রূপান্তর, ভূরাজনীতি, আঞ্চলিকীকরণ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা– এই বৈশ্বিক পরিবর্তনশীল শক্তিগুলো লজিস্টিকস খাতকে দ্রুত পুনর্গঠন করছে। এ প্রেক্ষাপটে দেশের ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ চাহিদা পূরণে বিদ্যমান জ্ঞান ও সক্ষমতার ঘাটতি দূর করতে হবে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ জাতীয় বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ বহনকারী ঢাকা-চট্টগ্রাম করিডরের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকে কাঠামোগত ঝুঁকি হিসেবে চিহ্নিত করে কোল্ড চেইন ও রেল লজিস্টিকসে বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করার আহ্বান জানান।
সিএফ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আনাম এয়ার লজিস্টিকস ও এক্সপ্রেস কুরিয়ার খাতের চ্যালেঞ্জ তুলে ধরেন।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ নুসরাত নাহিদ ববি বলেন, ২০২২ সাল থেকে বাংলাদেশের লজিস্টিকস সংস্কারের যে গতি তৈরি হয়েছে, নতুন সরকারের উচিত তা স্পষ্ট অগ্রাধিকার ও উচ্চপর্যায়ের ঐকমত্যের মাধ্যমে পুনর্ব্যক্ত করা।
পড়ুন:বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি
দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড
ইম/


