১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলো শহরে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
“বিক্রমপুর মুন্সিগঞ্জ বাফেলো অ্যাসোসিয়েশন ইনক.” এর উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাফেলোর ১২০ আলেকজান্ডার অ্যাভিনিউ কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
সমিতির সভাপতি শেখ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক ৬১তম ডিস্ট্রিক্টের সিনেটর জেরেমি জে জেলনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আমেরিকান প্যাসিফিক ইসলামিক অ্যাফেয়ার্স এর সিবু নাইয়ার।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং বাফেলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
পড়ুন:দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?
ইমি/


