জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত কান্দারচর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের নেতৃত্বে দিনব্যাপী কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হয়। সহকারী শিক্ষকদের সহযোগিতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগত প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত নবীন বরণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইস্রাফিল মন্ডল। সভায় অভিভাবক ও সুধী সমাজের প্রতিনিধিরা বক্তব্য রেখে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক আবু হানিফ বলেন, “ব্রহ্মপুত্র বিধৌত দুর্গম চরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০০৫ সালে নিরলস প্রচেষ্টায় কান্দারচর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিই। আপনাদের সহযোগিতায় তিলে তিলে আজ এ প্রতিষ্ঠান সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতার দ্বার উন্মুক্ত ছিল বলেই আমাদের পরিশ্রম আজ সার্থক হয়েছে। ভবিষ্যতেও আপনাদের সহায়তা অব্যাহত থাকলে এই বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন- নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
দেখুন- ডিমের খোলস থেকে বের হয়ে এসে সংস্কারের কথা বলছেন: ডা. জাহিদ


