নেত্রকোনার কেন্দুয়ায় বাসি খাবার পরিবেশন, নকল পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন দোকান ও হোটেল-রেস্তোরাঁয় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ সময় কেন্দুয়া থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের বাজার ও রেস্তোরাঁগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়কজাত পণ্যে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকা, হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার পরিবেশন এবং নকল পণ্য বিক্রির প্রমাণ মেলে। এসব সুনির্দিষ্ট অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে, প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা। বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারা বছরই এমন নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।
পড়ুন:মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
দেখুন:জয়পুরহাটের ধানের শীষ ও স্বতন্ত্র কর্মীদের মাঝে সং-ঘ-র্ষ
ইমি/


