মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে বাহরাইন পুলিশ এক বাংলাদেশিসহ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে।
বিষয়টি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাহরাইন নিউজ এজেন্সি সোমবার (৯ মার্চ) নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি এবং পাঁচজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ধারণ, প্রচার ও পুনরায় শেয়ার করার ঘটনায় এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তদন্ত পরিচালনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা অ্যান্টি-করাপশন, অর্থনৈতিক ও ইলেকট্রনিক নিরাপত্তা বিভাগের অ্যান্টি-সাইবারক্রাইম শাখা।
তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও পোস্টে ইরানের সাম্প্রতিক শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কর্তৃপক্ষের মতে, এই ধরনের পোস্ট ও ভিডিও দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করতে পারে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়িয়ে দিতে পারে।
বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সাম্প্রতিক আগ্রাসনের পরবর্তী পরিস্থিতি সম্পর্কিত ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে বাহরাইন কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে। বিশেষ করে যুদ্ধ ও নিরাপত্তা সংক্রান্ত ভিডিও, ছবি বা তথ্য অনুমতি ছাড়া প্রকাশ বা শেয়ার না করার জন্য নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন- ১ কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁস: সব প্রসিকিউটরদের নিয়ে চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক
দেখুন- “পাকিস্তান সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা”


