আঞ্চলিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে দেশে ছুটিতে থাকা অনেক প্রবাসী নির্ধারিত সময়ে বাহরাইনে ফিরতে পারছেন না। আবার জরুরি প্রয়োজনে অনেকেই বাহরাইন থেকে বাংলাদেশে যেতে না পারায় অনিশ্চয়তায় পড়েছেন।
এ পরিস্থিতিতে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মানামায় অবস্থিত বাহরাইন বাংলাদেশ দূতাবাস। দূতাবাস সূত্রে জানা গেছে, যারা বর্তমানে ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন এবং ফ্লাইট বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়ে বাহরাইনে ফিরতে পারছেন না, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এলএমআর (LMRA) ভিসাধারীদের জন্য নির্দেশনা
যেসব প্রবাসীর ভিসা লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এলএমআরএ)-এর আওতাভুক্ত, তারা বাহরাইনে থাকা কোনো প্রতিনিধি বা পরিচিত ব্যক্তির মাধ্যমে এলএমআর অফিসে গিয়ে ভিসা নবায়নের আবেদন করতে পারবেন। এতে দেশে অবস্থানরত ব্যক্তির ভিসা বাতিল হবে না।
কোম্পানি বা সি-আর ভিসাধারীদের করণীয়: যারা কোম্পানি বা সি-আর (CR) ভিসায় কর্মরত, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত ৭ থেকে ১০ দিন আগে নবায়নের জন্য আবেদন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ভিসা নবায়ন করা যাবে।
বিকল্প পথে দেশে যাওয়ার সুযোগ: যেসব প্রবাসীর জরুরি ভিত্তিতে বাংলাদেশে যাওয়া প্রয়োজন, তারা বিকল্প পথ হিসেবে সৌদি আরব হয়ে বাংলাদেশে যেতে পারেন। এ ক্ষেত্রে প্রথমে অনলাইনে সৌদি ভিসার জন্য আবেদন করতে হবে। পরে ভিসা আবেদনপত্রের কপি বাহরাইন বাংলাদেশ দূতাবাসে জমা দিলে দূতাবাস প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের ধৈর্য ধরে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিমান চলাচল স্বাভাবিক হলে পরবর্তী ঘোষণা জানানো হবে বলেও জানানো হয়েছে।
পড়ুন: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ‘সাঁড়াশি’ অভিযান
আর/


