নওগাঁর বদলগাছী উপজেলায় ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (নারী-পুরুষ) পরিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
বৃহষ্পতিবার (৬ নভেম্বর)) রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। ফজলে হুদা বাবুল কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।
এসময় ফজলে হুদা বাবুল তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় নবাগতরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া ও ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপিতে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী-পুরুষ জানান, ফজলে হুদা বাবুল এলাকার সন্তান ও তাদের পরিচিত। তিনি আগে থেকেই তাদের খোঁজ খবর রাখতেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হওযায় তাকে ভালোবেসে তারা বিএনপিতে এই যোগদানের সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় সব ধর্ম, বর্ণ মানুষের সমান অধিকার নিশ্চিতের কথা উল্লেখ করেছেন। সনাতন ধর্মাবলম্বীসহ সবার অধিকার যাতে নিশ্চিত থাকে সে জন্য আমাদের কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সবার মর্যাদা সমুন্নত থাকবে। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবো।
এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পড়ুন : নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা


