আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক কামাল উদ্দীন সর্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মোস্তাফার সঞ্চালনায় সভায় বিএনপি’র নেতাকর্মীরা তাদের ভবিষ্যত পরিকল্পনা এবং দলের ঐক্য ধরে রাখার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেন।
বক্তারা বলেন, ‘‘দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে এবং যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে, তারা আসলে তারেক রহমানের নির্দেশনা অমান্য করছে।’’ তারা আরো উল্লেখ করেন, ‘‘তৃণমূল নেতাকর্মীরা এই বিষয়ে সজাগ রয়েছে এবং দলের ভিতরে কোন ধরনের অনৈক্য সৃষ্টি হতে দেওয়া হবে না।’’
আহবায়ক কামাল উদ্দীন সর্দার সভায় তার বক্তব্যে বলেন, ‘‘দিন বদলেছে। এখন গলাবাজির রাজনীতি জনগণ আর পছন্দ করে না। বিএনপির উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং এজন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
সভায় উপস্থিত নেতাকর্মীরা একমত হয়ে দলের ভিতরে ঐক্য বজায় রেখে এবং জনগণের কাছে বিএনপির উন্নয়নমুখী রাজনীতি পৌঁছে দেওয়ার জন্য নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।
পড়ুন : চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট নিরসনে এনবিআরের কঠোর নির্দেশনা


