বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কখনোই রাজনীতিতে ধর্মের ব্যবসা করে না। তিনি বলেন, “ইসলামে কোথাও বলা হয়নি ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখল করতে। রাসুল (সা.) যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই পথেই চলাই আমাদের দায়িত্ব।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে নিজ বাসভবনে শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের সিরাজগঞ্জ আগমন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মদিনার সনদের আদর্শ অনুসরণ করেই বাংলাদেশ পরিচালিত হবে। এই নীতির মধ্যেই রয়েছে ন্যায়বিচার, ধর্মীয় সহনশীলতা ও মানুষের অধিকার রক্ষার শিক্ষা।
তিনি আগামী ১১ জানুয়ারি সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে অনুষ্ঠিতব্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সব মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্রদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ শহরের ২১৯টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড


