নোয়াখালীর সদর, কবিরহাট ও হাতিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সামাজিক অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
আজ শুক্রবার (৭ মার্চ) জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দল থেকে বহিষ্কার হওয়া ৩ নেতা হলেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম ও হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার তান্না।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার তান্নাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সামাজিক অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ বলেন, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সামাজিক অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় উল্লেখিত ব্যক্তিদের বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যারাই দলের নাম ব্যবহার করে এই ধরনের কর্মকান্ডে যুক্ত হবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এনএ/


