জয়পুরহাট-২(কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে পরির্বতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা। রোববার বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের দুইপাশে প্রায় আধাঘন্টা যানজট ছিল।
মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থিত আজকের বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এফতাদুল হক বলেন, বিগত সময়ে প্রকৌশলী গোলাম মোস্তফা মাঠে থেকেছেন, অনেক নির্যাতন শিকার হয়েছেন। অথচ গত ১৫ বছর যাকে মাঠে দেখা যায়নি তাকে মনোনয়ন দেয়া হয়েছে। মনোয়ন পরিবর্তন করে তাকে (ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা) চূড়ান্ত প্রার্থী করার দাবীতে আমরা বিক্ষোভ করছি। দল আমাদের নেতার কথা বিবেচনা করবে বলে আমরা আশা করছি।
উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল বলেন, বিক্ষোভের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাড়াটে লোকজন পাঠিয়ে বিক্ষোভ মিছিল করেছে। এর দায় তাকেই নিতে হবে।
জয়পুরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী বলেন, মনোনয়ন না পাওয়ায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাড়াটিয়া লোকজন এনে কালাইকে অস্থিতিশীল করার জন্য মহাসড়কে বিক্ষোভ করেছে। তারা বিএনপির কেউ না। হাইকমান্ড অবশ্যই এর একটা ব্যবস্থা নিবেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মনোনয়ন প্রত্যাশী বিষয় নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ আছে। এই ক্ষোভে বিক্ষোভ হয়েছে, সেখানে পুলিশ উপস্থিত ছিল।
পড়ুন- ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপির এক নেতা


