বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) গতকাল ৮ মার্চ সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল দিন উদযাপন করেছে। এদিন সংগঠনের ২০২৪–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে নবনির্বাচিত ২০২৬–২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের কাছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০০৬ সালে মাত্র অল্প কয়েকজন সদস্য নিয়ে যাত্রা শুরু করা বিজিবিএ বর্তমানে ১০০-এর বেশি নির্বাচিত সদস্যের একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিজিবিএ সদস্যরা প্রতিবছর প্রায় ১৫ থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানিতে ভূমিকা রাখছেন, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে ২০২৩ সালে বাণিজ্য মন্ত্রণালয় একজন প্রশাসক নিয়োগ দেয় এবং ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২ মার্চ ২০২৪ তারিখে বিজিবিএর ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় এবং মোহাম্মদ মোখলেসুর রহমান পাভেল (প্রেসিডেন্ট)-এর নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
১৮ মার্চ ২০২৪ তারিখে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে এবং যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৮ মার্চ ২০২৬। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ সদস্যদের প্রতি কমিটির অঙ্গীকার অনুযায়ী ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন পরিচালনার জন্য ২৩ অক্টোবর ২০২৫ তারিখে একটি স্বাধীন নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়।
বাণিজ্য সংগঠন আইন এবং বিজিবিএর সংবিধান অনুযায়ী নির্বাচন বোর্ড ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আনাম মো. আব্দুল হামিদ (প্রেসিডেন্ট)-এর নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন করে।
অনুষ্ঠানে ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সদস্যরা গর্বের সঙ্গে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের গতিশীল ও দূরদর্শী কর্মকৌশলের মাধ্যমে বিজিবিএ আরও এগিয়ে যাবে এবং সদস্যদের জন্য উন্নত সেবা নিশ্চিত করবে।
বিজিবিএর প্রেসিডেন্ট মোহাম্মদ মোখলেসুর রহমান পাভেল বলেন, সংগঠনের ঐক্য, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে বিজিবিএকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
তিনি নতুন পরিচালনা পর্ষদের সফলতা কামনা করেন এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
পড়ুন- নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে


