সকালটা যেন অন্যরকম এক আলোর বার্তা নিয়ে এসেছিল আখাউড়ার পৌর মুক্তমঞ্চ চত্বরে। হাতে গ্লাভস, মুখে মাস্ক—কাঁধে দায়িত্ব আর চোখে স্বপ্ন নিয়ে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক নেমে এসেছেন একটিই মিশনে—”পরিচ্ছন্ন আখাউড়া গড়বো আমরা।”
শনিবার (১৯ জুলাই) এমন এক ব্যতিক্রমধর্মী দৃশ্যের জন্ম দেয় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন আখাউড়া উপজেলা টিম। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পরিচ্ছন্নতা অভিযান। মঞ্চের পেছনের কোণসহ সব জায়গা ধুয়ে-মুছে যেন ফিরিয়ে আনা হয় হারানো সৌন্দর্য।

উদ্যোগে নেতৃত্ব দেন রমজানুল ইসলাম ও রোজিনা আক্তার। সহযোগিতায় ছিল আখাউড়া পৌরসভা।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আয়োজন করা হয় সচেতনতা সভা ও শপথ অনুষ্ঠান।
এ সময় ইউএনও বলেন—“শহর আমাদের, দায়িত্বও আমাদের। যে শহরে আমরা বাস করি, সেটিকে পরিচ্ছন্ন রাখা নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, আখাউড়ার অন্যান্য ময়লাযুক্ত স্থান, বিশেষ করে শহরের উপর দিয়ে বয়ে যাওয়া কালন্দি খাল, পরিষ্কার করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।
দিনের শেষভাগে বিডি ক্লিন সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও। বাজারের দোকানদার ও ফল ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন, নয়তো শহরের সৌন্দর্য হারিয়ে যাবে।”
প্রসঙ্গত, শুধু আখাউড়াই নয়, বিজয়নগর ও কসবা থেকেও বিডি ক্লিনের সদস্যরা এসে অংশ নেন এ কর্মযজ্ঞে। আর সার্বিক সহায়তায় ছিলেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
পড়ুন : আখাউড়ায় শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা


