সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে। সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে এই কর্ম বিরতি পালন করেছেন শিক্ষকরা।
আজ সোমবার (২৬ মে) সহকারী শিক্ষক ঐক্য পরিষদ-এর কেন্দ্র ঘোষিত ঘোষণা মোতাবেক এ কর্মসূচি পালন করেন শিক্ষক শিক্ষিকারা।
জানা গেছে, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো- সহকারী শিক্ষক পদকে সরকারি চাকরির ‘এন্ট্রি পদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে যে জটিলতা রয়েছে তা নিরসন করা এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।
সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম পৌর শহরের আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করছেন।বৈরী আবহাওয়া ও বৃষ্টি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তবে শিক্ষকগণ পাঠদান ও প্রতিষ্ঠানিক কাজ বন্ধ রাখলেও শিক্ষার্থীদের দেখভালে ছিল তৎপর।সহকারী শিক্ষকদের এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়,এটি যুক্তিক দাবি মেনে নেয়ার জন্য অনুরোধ জানান শিক্ষকগণ।
সহকারী শিক্ষিকা মোছাঃ মর্জিনা খাতুন জানান, শিক্ষার্থীদের ওপর যেন এর প্রভাব না পড়ে, সেদিকে সর্বোচ্চ খেয়াল রেখে আমরা দাবি আদায়ের আন্দোলনে যুক্ত হয়েছি।আমরা আশা করছি দ্রুত আমাদের দাবীগুলো আমলে নিয়ে সরকার আমাদের সহযোগিতা করবে।
সহকারী শিক্ষক মৌসুমি গোস্বামী বলেন, আজ হয়তো অনেক প্রতিষ্ঠান দৃশ্যমানভাবে কর্মসূচি পালন করেনি। তবে আমাদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে।আমাদের ন্যায্য ৩ দফা দাবী আদায়ে বর্তমান উপদেষ্টা ড.ইউনুস স্যারের সুদৃষ্টি কামনা করছি।
আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহনাজ পারভীন বলেন,আজ শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি এটা আমার জানা ছিল না। তবে সহকারী শিক্ষকদের দাবিগুলো ন্যায়সংগত এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ প্রয়োজন।কেননা সহকারী শিক্ষকগণ দীর্ঘ দিন ধরে কঠোর পরিশ্রম করে আসতেছে। তাদের দাবী গুলো মেনে নেয়া দরকার বলে জানান তিনি।
এনএ/


