বিজ্ঞাপন

বিদ্যুৎ আসতেই গোডাউনে আগুন! কলমাকান্দায় ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের দুটি গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। সামনে ঈদ, তাই ব্যবসার প্রস্তুতি নিতে থাকা এক ব্যবসায়ী এই অগ্নিকাণ্ডে একেবারে পথে বসার উপক্রম হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে জরুরি সেবা নম্বর ১০২ এ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ী রিপন খানের জুতার গোডাউনের অধিকাংশ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‍‍“ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।” তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ঈদের ভরা মৌসুমে এমন অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডে ব্যবসায়ী রিপন খান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়রা জানান, এ দুর্ঘটনায় তিনি প্রায় নিঃস্ব। ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর সাহায্যে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে ৩ দিনব্যাপী হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন