আবারও বিনোদন তারকারা মাতাতে যাচ্ছেন ক্রিকেট মাঠ। নিজেদের মধ্যে বিবাধে জড়িয়ে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। ২০২৩ সালে মাঠে গড়ানো এ আসরের দুই বছর পর ফের মাঠে গড়াতে যাচ্ছে আসরটি। তবে এবার বদলে গেছে আসরের নাম ও ফরম্যাট। এ বছর ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’।
গত ৫ই মে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি)। চলবে ১২ মে পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। এবার খেলবে চারটি দল। টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স। ৪ টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী। এর আগেরবার ইনডোরে খেলা হলেও এবার খেলা হবে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে।
‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’র উদ্দেশ্য শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন নয়; বরং সমাজের মধ্যে একতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা– এমনটি জানিয়েছেন আয়োজকরা। ইতিমধ্যে খেলার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারটি দলের ৪জন মেন্টরসহ অনেক পরিচিত তারকারা।
তারকাদের এই হাইভোল্টেজ ম্যাচে অংশ নেবেন অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু, প্রবীর রায় চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন তারকারা। প্রতিদিন সন্ধ্যার পর মাঠে গিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

