সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনের নির্লিপ্ততা এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল। সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তারা বলেন, “জামায়াত-শিবির যেভাবে ষড়যন্ত্রমূলকভাবে মাঠে নেমেছে, তা আমরা প্রতিহত করব। যারা ইসলামের নামে বেহেশতের টিকিট বিক্রি করে, তারা যেন এদেশে আর ঠাঁই না পায়।”
বক্তারা আরো বলেন, “যদি দরকার হয়, জামায়াত-শিবির পাকিস্তান দূতাবাসে যোগাযোগ করতে পারে। নির্বাচনের পর তারা এদেশে থাকতে পারবে কিনা, সেটা আগে নিশ্চিত হয়ে নিক। প্রয়োজনে তাদের জন্য রোহিঙ্গা ক্যাম্পের মতো পৃথক ঘাঁটি বানানো হবে।”
স্বেচ্ছাসেবক দল নেতারা বলেন, “জামায়াতের কাজই হলো দেশে সংঘাত সৃষ্টি ও অস্থিতিশীলতা বাড়ানো। মব সৃষ্টিকারী, স্বাধীনতাবিরোধী কেউই বাংলাদেশের রাজনীতিতে স্থান পাবে না। তাদের কোনো ষড়যন্ত্রেই তারেক রহমানকে দমানো যাবে না।”
এর আগে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও নগর অঞ্চল থেকে নেতাকর্মীরা জড়ো হন কান্দিরপাড়ে। মিছিলে অংশগ্রহণকারীরা “জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “আ.লীগ গেছে দিল্লিতে, জামায়াত যাবে পিণ্ডিতে”—এমন নানা স্লোগান দেন। মিছিলে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
পড়ুন : মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল


