ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, বিমানবন্দরের মত সংরক্ষিত এলাকায় জামায়াতের একজন বয়স্ক দায়িত্বশীলকে এভাবে আটক করে জামায়াতকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
বুধবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা জানান।
তিনি বলেন, তাকে আটকের পর মানসিকভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে তার মুক্তি ও চিকিৎসার ব্যবস্থার দাবি জানাচ্ছি। একইসঙ্গে নির্বাচনের আগে এধরনের উদ্দেশ্যপ্রণোদিত কাজে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জুবায়ের বলেন, তিনি (জেলা আমির) নিজেই স্পষ্ট করেছেন যে, ব্যাংক বন্ধ থাকায় লেনদেনের জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক যে, তিনি ব্যবসা করেন, নিজের, পরিবার বা অন্য প্রয়োজনে এটা তিনি বহন করতে পারেন। এটা কোন ক্রিমিনাল অপরাধ নয়। অথচ এটা নিয়ে নাটক সাজানো হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় নানাধরণের সংবাদ প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, জামায়াত তার কর্মকান্ড ও কর্মসূচি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিকে করে থাকে। অথচ জামায়াতের বিপুল জনপ্রিয়তায় ঈর্শান্তিত হয়ে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিতর্কিত করার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর একটি অংশের যোগসাজসে এ ধরনের অপপ্রয়াস একের পর এক ঘটানো হচ্ছে।
এর আগে জামায়াত আমিরের মেহেরপুর সফরের সফরের সময় জেলা আমিরের গাড়িতে অস্ত্রসহ আটকের নাটক সাজানো হয়। অথচ একঘন্টা পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদীরা এ ধরণের আচরণ করতো। এখন নির্বাচন বানচালের জন্য নতুন করে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণকে সঙ্গে নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তা মোকাবেলা করা হবে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ও তাদের সঙ্গীদের গাড়ীতে হামলা, গাড়ি ভাঙচুর ও অনেককে আহত করা হয়েছে। নারী কর্মীদের ওপর বাধা ও হামলা চালানো হচ্ছে। এসব কর্মকান্ডে মনে হচ্ছে, প্রশাসনের একটিক অংশ যে কোনো কারণেই হোক একটি দলের দিকে হেলে পড়েছে। অতীতে যারা এ ধরনের কাজ করেছে তাদেরকে জনগণ লালকার্ড দেখিয়েছে। নতুন করে আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের পক্ষপাতমূলক কাজ করলে তাদের জনরোষে পড়তে হতে পারে। তাদেরকে নিরপেক্ষভাবে ভূমিকা পালনের জন্য আহ্বান জানান জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের।
প্রেস ব্রিফিং জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
পড়ুন: জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান
আর/


