বিজ্ঞাপন

বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডার সেনাপ্রধানের

তুরস্কের কাছে ‘ক্ষতিপূরণ হিসেবে’ ১ বিলিয়ন ডলার এবং সেখানকার ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। তিনি দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।

কাইনেরুগাবা দাবি করেছেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় উগান্ডার অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি এবং এর জন্য তাদের আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য।

তিনি আরও হুমকি দেন, তার এই দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেয়া হবে।

একই সঙ্গে উগান্ডার সেনাপ্রধান আরেকটি বিতর্কিত মন্তব্য করে তুরস্ককে ‘দেশটির সবচেয়ে সুন্দর নারী’ তার কাছে তুলে দেয়ার আহ্বান জানান, যাকে তিনি বিয়ে করবেন বলে জানান।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একাধিক পোস্টে তিনি অভিযোগ করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন ব্যবসা ও অবকাঠামো প্রকল্প থেকে তুরস্ক লাভবান হচ্ছে। তার দাবি, এসব প্রকল্প থেকে তুরস্ক মুনাফা অর্জন করলেও উগান্ডা দীর্ঘদিন ধরে বড় ধরনের নিরাপত্তা দায়িত্ব বহন করে আসছে।

প্রতিবেদন অনুসারে, উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সৈন্য মোতায়েন করে রেখেছে, যার প্রধান উদ্দেশ্য হলো আল-কায়েদার সাথে যুক্ত আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা।

তিনি বলেন, ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে তুরস্কের কাছ থেকে উগান্ডার ১ বিলিয়ন ডলার পাওয়া উচিত। এক্সে নিজের পোস্টে তিনি লেখেন, তুরস্কের জন্য এটি খুবই সহজ একটি বিষয়… হয় তারা আমাদের টাকা দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তারা চাইলে তুরস্কে আমাদের দূতাবাসও বন্ধ করতে পারে, কোনো সমস্যা নেই।

খুব শিগগিরই উগান্ডা তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে উল্লেখ করে কাইনেরুগাবা সতর্ক করে বলেন, টুইটারের খেলা ভুলে যান। আমরা খুব শিগগিরই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেব। তুরস্ক উগান্ডার সঙ্গে অন্যায় আচরণ করছে। যে বন্ধু বারবার পেছন থেকে আঘাত করে, তাকে কার প্রয়োজন?

তিনি উগান্ডাবাসীদের নিজেদের নিরাপত্তার জন্য তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দেন।

একই পোস্টগুলোতে তিনি ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘পবিত্র ভূমি, আমাদের ঈশ্বর যিশু খ্রিস্টের ভূমিকে রক্ষা করার জন্য আমি ইসরাইলে ১ লাখ উগান্ডার সেনা পাঠাতে প্রস্তুত।’

কাইনেরুগাবার এ ধরনের ‘অস্বাভাবিক মন্তব্য’ এই প্রথম নয়। ২০২২ সালের অক্টোবর মাসে তিনি প্রকাশ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে ১০০টি ‘আঙ্কোল গরু’ দেয়ার কথাও বলেছিলেন।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

পড়ুন : ইসলামাবাদ শান্তি আলোচনা সফল হয়নি, আবারও কী শুরু হচ্ছে ইরান যুদ্ধ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন