দিনাজপুরের বিরামপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের এক যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার চন্ডিপুর গ্যাসপাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান বিরামপুর উপজেলার কলেজবাজার (শিমুলতলী) গ্রামের মৃত খেজমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে হাবিবুর রহমান বিরামপুর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ধুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক হাবিবুর রহমান মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
দেখুন- ঈদে টানা ছুটিতে খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগমের আশা


