১৩/০২/২০২৬, ১৯:০৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৯:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের শতভাগ জয়

অস্ট্রেলিয়ার জন্য ব্যাপারটি হয়তো দুর্ভাগ্যের, কিন্তু জিম্বাবুয়ের জন্য রূপকথার। শক্তির বিচারে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের চেয়ে বহুগুণে এগিয়ে। কিন্তু মাঠের খেলায় পাত্তা পেল না। জিম্বাবুয়ের ২ উইকেটে ১৬৯ রানে জবাবে ১৪৬ রানে গুটিয়ে গেছে তারা। সিকান্দার রাজা বাহিনীর জয়টি ২৩ রানে।

টি-২০ বিশ্বকাপে দুবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া জিম্বাবুয়ের এটি দ্বিতীয় জয়, প্রথমটি ২০০৭ সালের আসরে। বিশ্বকাপে অজিদের বিপক্ষে শতভাগ জয় পাওয়া একমাত্র দল তারা, অন্য সবাই কোনো না কোনো ম্যাচে হেরেছে। সর্বোচ্চ ৬টি হার বাংলাদেশের।

কলম্বোয় জিম্বাবুয়ে ১৬৯ রানের সংগ্রহ পেয়েছিল ব্রায়ান বেনেত (৫৬ বলে ৬৪), তাদিওয়ানাশে মারুমানি (২১ বলে ৩৫), রায়ান বার্ল (৩০ বলে ৩৫) ও সিকান্দার রাজার (১৩ বলে ২৫) ব্যাটে। তবে জয়ের নায়ক ব্লেসিং মুজারাবানি। তার দারুণ স্পেলেই জিম্বাবুয়ে অজিদের গুটিয়ে দিতে সক্ষম হয়েছে। মুজারাবানি মাত্র ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট।

মুজারাবানিরা পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিলেন। ২৯ রানেই তারা তুলে নেন ৪ উইকেট। ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড দুজনই ডাক মারেন। জশ ইংলিস ৮ ও ট্রাভিস হেড করেন ১৭ রান। এরপর ৭৭ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ। ম্যাক্সওয়েল ৩২ বলে ৩১ রান করে বিদায় নিলে সেই জুটি ভাঙে।

রেনশ সর্বোচ্চ ৬৫ রান করলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। ৪৪ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছয় হাঁকান তিনি। বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুজারাবানিকে দারুণ সঙ্গ দিয়েছেন ব্রাড ইভান্স। ২৩ রানে তিনি নেন ৩ উইকেট।

এই বিশ্বকাপে ২ ম্যাচে জিম্বাবুয়ের এটি দ্বিতীয় জয়, তাদের গ্রুপে ২টি জয় আছে শ্রীলঙ্কারও। শ্রীলঙ্কাই আছে টেবিলের শীর্ষে। অস্ট্রেলিয়া ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।

বিজ্ঞাপন

পড়ুন : সহজ জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু চোট জর্জরিত অস্ট্রেলিয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন