২৫/০২/২০২৬, ৫:১৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৫:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্বকাপে যেতে বাংলাদেশের মেয়েদের সামনে যে সমীকরণ, কোয়ালিফাই করেছে পাকিস্তান

টানা চার জয়ে মেয়েদের ২০২৬ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে তারা আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ড নারী দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল ফাতিমা সানার নেতৃত্বাধীন দলটি। আর বাকি একটি স্পট। সেই জায়গাটি পূরণে এগিয়ে রয়েছে বাংলাদেশ নারী দল। তবে তাদের সামনে কিছু সমীকরণ রয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ থাই মেয়েদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক পাকিস্তান ৬ উইকেটে ২০৫ রান তোলে। তাদের পক্ষে সিদরা আমিন সর্বোচ্চ ৮০ এবং অধিনায়ক ফাতিমা ৬২ রান করেন। সেই লক্ষ্য তাড়ায় ১১৮ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে থাইল্যান্ড। তাদের পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে নানাপাত কোঞ্চারোয়েনকাইয়ের ব্যাটে। বিপরীতে পাকিস্তানের ফাতিমা, নাশরা সিন্ধু ও রামিন শামিম ৩টি করে উইকেট শিকার করেন।

এর আগে দিনের অপর ম্যাচে বাংলাদেশের সামনেও আজকের ম্যাচ জিতলে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে তারা সেই সুযোগ হারিয়েছে। যদিও পুরো ভেস্তে যায়নি নিগার সুলতানা জ্যোতির দলের সেই আশা। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শারমিন আক্তার। জবাবে খেলতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

প্রতিটি দলের আর বাকি একটি করে ম্যাচ। বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার পাকিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণের ধার ধারতে হবে না। ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় ও শেষ দল হিসেবেই তারা বিশ্বকাপে উঠে যাবে। কিন্তু তাতে না জিতলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। সেক্ষেত্রে বিশ্বকাপে উঠতে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রতিযোগিতার আরেক দল আয়ারল্যান্ড চার ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গেছে।

স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলের পাশেই চার ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চেয়ে নেট রানরেটেও পিছিয়ে তারা। সে হিসেবে নিজেদের ম্যাচে হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের। তবে নিজেদের হারের ব্যবধানটা কম রাখতে হবে। অন্যদিকে, প্রত্যাশায় থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড যেন তাদের ম্যাচে কম ব্যবধানে জিতে। পাকিস্তানের কাছে বাংলাদেশ কম ব্যবধানে হারলেও তাদের নেটরান রেট ধনাত্মকই (‍+) থাকবে। এই মুহূর্তে বাংলাদেশের নেট রানরেট ‍+১.০৩৩।

অন্যদিকে, স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে স্কটল্যান্ড হেরে গেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই থেকে ছিটকে যাবে। আর যদি খুব বড় ব্যবধানে না জেতে, তাহলেও হয়তো নেট রানরেটে বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকবে স্কটিশরা (‍+০.১৩৬)। স্কটল্যান্ড–আয়ারল্যান্ড ম্যাচটি আগামীকাল। এ ছাড়া থাইল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শনিবারের সেই ম্যাচে তারা অনেক বড় ব্যবধানে জিতলে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে। কিন্তু নেট রানরেটে তারা এই মুহূর্তে সবচেয়ে পিছিয়ে (–০.২৮৩)।

বিজ্ঞাপন

পড়ুন : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে বাংলাদেশের বিশ্বকাপ টিকিটের অপেক্ষা বাড়ল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন