বিজ্ঞাপন

বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

টানা বিশ্বকাপে কোয়ালিফাই করার ব্যর্থতা মাথায় নিয়ে পদত্যাগ করলেন ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রোমে এফআইজিসির জরুরি মিটিংয়ে পদত্যাগ করেন তিনি।

এফআইজিসি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, গ্রাভিনার শূন্যস্থান পূরণ করতে ২২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভাবা হচ্ছে জিওভানি মালাগোকে। মালাগো এর আগে লম্বা সময় ইতালিয়ান অলিম্পিক কমিটির দায়িত্ব পালন করেছেন।

বিশ্বকাপ বাছাইয়ের প্লেঅফে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে হারার পর অনুষ্ঠিত হওয়া জরুরি মিটিংয়ে উপস্থিত ছিলেন সিরি আ প্রেসিডেন্ট ইজিও সিমোনেলি, সিরি বি প্রেসিডেন্ট পাওলো বেদিন, সিরি সি প্রেসিডেন্ট মাতেও মারানি, অ্যামেচার লিগ প্রেসিডেন্ট জিয়ানকার্লো আবেতে, প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান উমবার্তো ক্যালক্যাগনো ও কোচদের সংগঠনের প্রধান রেনজো উলিভিয়েরি।

এফআইজিসিতে পরিবর্তের আভাস মিলছিল আগে থেকেই। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ফেডারেশন পুনর্গঠনের নির্দেশ দিয়েছিল ইতালি সরকার। দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আন্দ্রেয়া আবোদি দল ও কোচের প্রচেষ্টার প্রশংসা করলেও স্পষ্টভাবে বলেন, ইতালিয়ান ফুটবলের পুনর্গঠন এখন জরুরি এবং তা শুরু করতে হবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় গ্রাভিনার পদত্যাগ।

ইতালির বর্তমান কোচ গান্নারো গাট্টুসো। তার সহকারী কোচ লুইজি রিসিও, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লিওনার্দো বোনুচ্চি, গোলকিপিং কোচ রবার্তো পেরোনো ও ক্রিস্টিয়ানো লুপাতেল্লি। এই পদগুলোতেও পরিবর্তন আসে কি না, দেখার বিষয়।

বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরেছে ইতালি। গত ৩১ মার্চ রাতে বসনিয়ার মাঠে মোইজে কিনের গোলে এগিয়ে যাওয়া ইতালি প্রথমার্ধের শেষ দিকে আলেসান্দ্রো বাস্তোনির লাল কার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে হারিস তাবাকোভিচের গোলে সমতা টানে স্বাগতিকরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। যেখানে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া।

এ নিয়ে ২০১৮ (রাশিয়া) ও ২০২২ (কাতার) সালের পর ২০২৬ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইতালির। এরমধ্যে শেষের দুটিই গ্রাভিনার আমলে। ২০১৮ সালে সর্বোচ্চ পদটিতে আসীন হয়েছিলেন তিনি। তার সময়কালে ইতালি ২০২০ ইউরো জিতে।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির, তুরস্কের ২৪ বছরের অপেক্ষার অবসান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন