চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রোববার (৮ ফেব্রুয়ারি) কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। খবর ইএসপিএনক্রিকইনফোর।
ওই ম্যাচে চোট পাওয়ার পরও হাসারাঙ্গা নিজের বোলিং কোটা সম্পন্ন করেন। চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি। হাসারাঙ্গার কার্যকর বোলিংয়েই ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধাক্কা খায়। সোমবার করা এমআরআই স্ক্যানে হাসারাঙ্গার বাঁ হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোটের বিষয়টি ধরা পড়ে। রিপোর্টটি যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক পর্যালোচনা করেন এবং মঙ্গলবার তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, এই চোট হাসারাঙ্গার আগের হ্যামস্ট্রিং চোটের সঙ্গে সম্পর্কিত হলেও পুরোপুরি আগের মতো নয়। সাম্প্রতিক বছরগুলোতে চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে হাসারাঙ্গাকে। এর আগে পায়ের সমস্যাতেও ভুগেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও আনুষ্ঠানিকভাবে তার বদলি অনুমোদন না দিলেও, স্কোয়াডে হাসারাঙ্গার জায়গায় লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমান্থাকে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৩১ বছর বয়সী হেমান্থার হাসারাঙ্গার মতো দক্ষতা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি সুযোগ পেয়েছেন খুবই সীমিত। এখন পর্যন্ত তিনি তিনটি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং চার উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ৭.৮৫। শ্রীলঙ্কা দল তাকে সরাসরি একাদশেও অন্তর্ভুক্ত করতে পারে। কারণ রোববার খেলানো স্পিনারদের বাইরে স্কোয়াডে আর কোনো অতিরিক্ত স্পিনার নেই।
তবে দলের সবচেয়ে বড় তারকা হাসারাঙ্গার ছিটকে যাওয়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। এই ফরম্যাটে তিনি দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার। টি–টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ২০ ইনিংসে তার রয়েছে ৪০ উইকেট, ইকোনমি রেট মাত্র ৬.০১।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ ১২ ফেব্রুয়ারি, পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে। এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে।
পড়ুন:প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি
দেখুন:তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃ-ত্যু, ২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা |
ইম/


