বিশ্ববাজারে স্বর্ণের দাম চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত ও সম্ভাব্য মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রেক্ষাপটে বৈশ্বিক সুদের হার বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণে আগ্রহ কমাচ্ছেন, যার ফলে দাম কমেছে।
সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৬৬.৯৪ ডলারে পৌঁছেছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ৪.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৬৯.৯০ ডলারে নেমেছে।
টিম ওয়াটারার বলেন, “ইরান সংঘাত ও তেলের দামের ঊর্ধ্বগতি সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি করেছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে গেছে।” তিনি আরও বলেন, “উচ্চ তারল্যের কারণে ঝুঁকিপূর্ণ সময়ে স্বর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেয়ারবাজারের পতনের ফলে বিনিয়োগকারীরা মার্জিন কল মেটাতে স্বর্ণে বিনিয়োগ কমাচ্ছেন।”
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৩.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫.৪৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দামও ৩.৪ শতাংশ কমে ১,৮৫৭.৬৭ ডলারে দাঁড়িয়েছে।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২,৪৬,৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২,৩৫,৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২,০২,০২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,৬৪,৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।
পড়ুন: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন পথ, নেই সহজ সমাধান
আর/


