দীর্ঘ বিরতির পর আবার সক্রিয় হতে যাচ্ছে কিংবদন্তি সংগীতশিল্পী আজম খানের ব্যান্ড ‘উচ্চারণ’। কয়েক মাস আগে ব্যান্ডটির পুনরায় কার্যক্রম শুরু করার উদ্যোগের কথা জানানো হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল, দেশবিদেশে কনসার্ট আয়োজনের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্প্রতি আজম খানের পরিবার, উচ্চারণের সদস্য ও একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি সই হয়। এই চুক্তির ফলে আজম খানের নাম, ছবি ও সৃষ্টির সার্বিক কপিরাইট তাঁর পরিবারের অধীনে থাকবে। ব্যান্ড উচ্চারণ তাঁর জনপ্রিয় সব গান পরিবেশন ও প্রচারে দায়িত্ব পালন করবে, আর কনসার্টসহ সব বাণিজ্যিক ও রয়্যালটি সংক্রান্ত কাজ পরিচালনা করবে কুল এক্সপোজার।
পরিবারের পক্ষ থেকে স্বাক্ষর করেন আজম খানের কন্যা অরণী খান, ‘উচ্চারণের প্রধান দুলাল জোহা এবং কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিঙ্কু।
ব্যান্ড নেতা দুলাল জোহা বলেন, আজম খানের সংগীত বিশ্বব্যাপী পরিচিত করার ক্ষেত্রে এটি এক নতুন সূচনা। আমরা তাঁর গানগুলো আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরতে চাই।’
মুক্তিযুদ্ধের পর নীলু, সাদেক ও মনসুরকে নিয়ে আজম খান ‘উচ্চারণ’ ব্যান্ডের যাত্রা শুরু করেন ১৯৭২ সালে। একই বছর বিটিভিতে ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কলেমা সাক্ষী দেবে’ গান দুটি প্রচারের পর দ্রুত জনপ্রিয়তা পান। এরপর দীর্ঘদিন ব্যান্ডটি দেশীয় সংগীত জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০১১ সালের ৫ জুন আজম খানের মৃত্যুতে ব্যান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ ১৪ বছর পর গত ২২ জুন তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গুরু রিলোডেড’ শিরোনামে একটি অনুষ্ঠানে উচ্চারণ আবার মঞ্চে পারফর্ম করে এবং সেখান থেকেই নতুন করে পথচলার ঘোষণা আসে।
পড়ুন: জারিনের স্মরণ সভায় গিয়ে দুর্ঘটনার কবলে জিতেন্দ্র
দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে
ইম/


