বিসিবি নির্বাচনের অনিয়মের তদন্ত কমিটির রিপোর্ট আইসিসির কাছে পাঠাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপরই বোর্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন মহল। এরপর গত ১১ মার্চ একজন সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। তদন্ত কমিটির মূল দায়িত্ব ছিল, নির্বাচনি প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না সেটি খতিয়ে দেখা।
তদন্ত কমিটিকে সময় বেধে দেওয়া হয়েছিল ১৫ কার্যদিবস, তবে নির্ধারিত সময়ের আগেই তারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। নির্বাচন শুরুর আগে থেকেই অস্বচ্ছতা ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন নিয়েও ছিল বিতর্ক। বর্তমান বোর্ড সভাপতির বিরুদ্ধেও ছিল নিয়ম ভাঙার অভিযোগ।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেছেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, তিনি আসেননি।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

