সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় জামালপুরের ইসলামপুরে বিশেষ দোয়া মাহফিল ও পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা উত্তর কিসামতজাল্লা হাবিবিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বেগম জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ (বিপুল মাস্টার) উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকের এ আয়োজনে আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সবাই মিলে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছি। দেশের গণতন্ত্রের প্রতীক এই প্রিয় নেত্রী খুব দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সুস্থতা জাতীয় রাজনীতিতে নতুন আশার আলো বয়ে আনবে।”
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্য, ভালোবাসা ও দোয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা। সকলের সহযোগিতা ও দোয়ার ফলেই ইনশাআল্লাহ আমাদের নেত্রী আবারও আগের মতো কর্মক্ষম ও প্রফুল্ল হয়ে ফিরে আসবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উত্তর কিসামতজাল্লা মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মাস্টার, সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা ক্বারি মো. আবুল হোসেন সোহাগ, মোয়াজ্জেম আজাদ শাহ ফকির, হাবিবিয়া আরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহাম্মেদ পাপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


