ভারতের সুপ্রিম কোর্ট বেশি পরিমাণে গাছ কাটা মানুষ হত্যার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে। অবৈধভাবে কাটা প্রতিটি গাছের জন্য ১ লাখ রুপি জরিমানা করার সময় দেশটির শীর্ষ আদালত এই পর্যবেক্ষণ প্রকাশ করে।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আজ বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি বেঞ্চ তাজ ট্র্যাপিজিয়াম জোনে ৪৫৪টি গাছ কাটার অভিযোগে এক ব্যক্তির আবেদন খারিজ করে এই রায় প্রদান করে। আদালত উল্লেখ করেছে, অনুমতি ছাড়াই এভাবে গাছ কেটে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা ক্ষমার অযোগ্য। গাছের তৈরি সবুজ আচ্ছাদন পুনরায় ফিরিয়ে আনতে শত বছর সময় লাগতে পারে।
কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটির (সিইসি) প্রতিবেদনে শিব শঙ্কর আগরওয়াল নামে এক ব্যক্তির ৪৫৪টি গাছ কাটার জন্য ১ লাখ রুপি করে জরিমানা করার সুপারিশ করা হয়। আদালত জরিমানার পরিমাণ কমানোর অনুরোধ প্রত্যাখ্যান করে আগরওয়ালকে বৃক্ষরোপণের অনুমতি দিতে সম্মতি দেয়।
এর আগে ২০১৯ সালের একটি আদেশে ব্যক্তিগত জমিতে গাছ কাটার ক্ষেত্রে পূর্ব অনুমতির প্রয়োজনীয়তা বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। তবে এই পরিস্থিতি পরিবেশগত ক্ষতির উপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
এনএ/


