প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ‘কোপাইলট টাস্কস’ নামে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি সেবা উন্মোচন করেছে। এটি মূলত ব্যস্ত ব্যবহারকারীদের দৈনন্দিন ছোটখাটো কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার জন্য তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোপাইলট টাস্কস ব্যবহারকারীর নিজস্ব যন্ত্রের ওপর চাপ না বাড়িয়ে নিজস্ব ক্লাউডভিত্তিক কম্পিউটার ও ব্রাউজার ব্যবহার করে কাজ সম্পন্ন করবে। ফলে সময়সাপেক্ষ নানা কাজ পেছনে রেখে ব্যবহারকারী অন্য কাজে মন দিতে পারবেন।
কোপাইলট টাস্কস–এ স্বাভাবিক ভাষায় নির্দেশ দিলেই হবে। ব্যবহারকারী লিখে বা বলে জানাতে পারবেন কী কাজ করতে চান। একবারের কাজ, নির্দিষ্ট সময় পরপর কাজ কিংবা নির্ধারিত তারিখে কাজ- সবই সেট করা যাবে। কাজ শেষ হলে এটি একটি প্রতিবেদন দেবে।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, ইনবক্সে থাকা ই–মেইল, সংযুক্তি ও ছবি নিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি স্লাইড উপস্থাপনা তৈরি করতে পারবে এই সেবা। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন চিহ্নিত করে বাতিল করতেও সাহায্য করবে। জরুরি ই–মেইল আলাদা করে দেখাবে এবং খসড়া উত্তরও তৈরি করে দেবে।
এ ছাড়া জন্মদিনের অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে আমন্ত্রণপত্র তৈরির পরিকল্পনাও করে দিতে পারবে কোপাইলট টাস্কস। এমনকি প্রতি শুক্রবার নতুন ফ্ল্যাটের তালিকা খুঁজে দেখা, পছন্দ হলে বাসা পরিদর্শনের সময় ঠিক করাও এর আওতায় থাকবে।
মাইক্রোসফট জানিয়েছে, অর্থ পরিশোধ বা কারও কাছে বার্তা পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজের আগে ব্যবহারকারীর অনুমতি নেওয়া হবে। অর্থাৎ স্বয়ংক্রিয়তা থাকলেও নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই। তবে আপাতত এটি গবেষণা পর্যায়ের প্রিভিউ হিসেবে সীমিতসংখ্যক পরীক্ষামূলক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত।
পড়ুন:অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ব্যান্ড ‘শিরোনামহীন’
দেখুন:বিশ্বের দীর্ঘতম ১০ মেট্রোরেল শহর কোনগুলো ? |
ইমি/


