ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে থেমে থেমে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। ওই মিছিলে অংশ নেয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী-সমর্থকরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির সমর্থক মোশাররফের সাথে থাকা এক যুবকের সাথে সৈয়দটুলা গ্রামের মুজাহিদ নামে আরেকজনের ধাক্কা লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাটাটি ও হাতাহাতি হয়। এ সময় মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে। এ ঘটনার জেরে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতে হামলা, ইউএনওকে অপহরণের চেষ্টা


