ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে প্রায় তিন ঘন্টাব্যাপি সংঘর্ষ চলাকালে ১৫ জনকে আটক করা হয়। শুক্রবার রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাগা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাতেই সংঘর্ষস্থল থেকে আটক ১৫ জনকে সাজা দেন। তাদের প্রত্যেককে তিন থেকে সাতদিনের সাজা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েক বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা দেওয়ানপাড়ার যুবকদের মারধরের শিকার হয়। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। আইনশৃংখলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দাঙ্গায় জড়িত থাকা ১৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয় বলে তিনি জানান।
পড়ুন: তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেখুন: খাবার নেই, নেই টাকা পাক সেনাবাহিনীর
ইম/


