বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে অনার্স ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ নিয়েছে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।
আজ শনিবার (৩১ মে) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের তিনটি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার একটি হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কগুলোতে পরীক্ষার্থীদের তথ্য সরবরাহ, পরীক্ষার কক্ষ খুঁজে পেতে সহায়তা, সুপেয় পানি প্রদান এবং মানসিক উৎসাহ প্রদানের কাজ করছেন সংগঠনের কর্মীরা। এতে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি অভিভাবকরাও পাচ্ছেন স্বস্তি।
কলেজ ক্যাম্পাসে স্থাপিত এই সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাত্রশিবির পিসি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদার, অর্থ সম্পাদক আব্দুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা। ছাত্রী সংস্থার পক্ষে দায়িত্বে ছিলেন শাখা ইনচার্জ সুমাইয়া ইয়াসমিন মুমু ও ফাতেমা আক্তার মিমসহ আরও অনেকে।
পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী বৃষ্টি আক্তার জানান, “আমি প্রথমবার এই কলেজে এসেছি। কোথায় কীভাবে যেতে হবে বুঝতে পারছিলাম না। হেল্প ডেস্কের ভাইয়েরা খুব সহযোগিতা করেছেন, তাই অনেক স্বস্তি পাচ্ছি।”
একাধিক অভিভাবকও এই উদ্যোগের প্রশংসা করেন। অভিভাবক মোহাম্মদ আজাদ বলেন, “এই হেল্প ডেস্কগুলো শিক্ষার্থীদের নিরাপত্তা ও তথ্য সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি প্রশংসনীয় উদ্যোগ।” আরেক অভিভাবক সোনিয়া বেগম জানান, “মেয়েকে নিয়ে অনেক টেনশনে ছিলাম, এখানে এসে এমন সুন্দর ব্যবস্থাপনা দেখে স্বস্তি পেলাম।”
ছাত্রশিবির নেতা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, “ভর্তি পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের দুর্ভোগে না পড়ে, সে লক্ষ্যে আমরা এই সেবা চালু করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার এই প্রয়াস অব্যাহত থাকবে।”
এই উদ্যোগ শুধু পরীক্ষার্থীদের উপকারেই আসেনি, বরং তরুণ প্রজন্মের মধ্যে স্বেচ্ছাসেবামূলক কাজের অনুপ্রেরণাও জাগিয়েছে।
এনএ/


