চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি ভাটিয়ারীর উত্তর বাজার থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে ভাটিয়ারী শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নানা স্লোগান দিতে থাকেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মিছিলে অংশগ্রহণকারীরা একটি ব্যানার বহন করেন, যেখানে “মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল” লেখা ছিল। তারা দ্রুত সময়ের মধ্যে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে তারা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন— সেলিম মাহমুদ, নাজিমুল হক, ইকবাল হোসেন, বাবর আলী, কামাল, রাজু, সায়েম, সাইফুল, কাইছার, রহিম ও তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করা হয়।
পড়ুন : নাগরিক টিভির খবরে পটিয়ায় ৭টার পর মেলা-দোকান বন্ধে অভিযান


