২৩/০২/২০২৬, ০:০৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
২৩/০২/২০২৬, ০:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারতকে উড়িয়ে সুপার এইট শুরু দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে পাত্তাই দিল না দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবদের ইনিংস।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এইডেন মারক্রামের করা বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ তুলে দেন অন-ফর্ম ব্যাটার ইষাণ কিষাণ। পরের ওভারের প্রথম বলেই তিলক ভার্মাকে সাজঘরের পথ ধরান মার্কো ইয়ানসেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফেরেন অভিষেক শর্মাও। ইষাণ শূন্য, তিলক ১ ও অভিষেক ১৫ রানে আউট হন।

ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দেখে-শুনে খেলার চেষ্টা চালান দলনেতা সূর্যকুমার যাদব। কিন্তু অধিনায়কের রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলা সুবিধা করতে পারেনি। দুজনকেই সাজঘরের পথ ধরান প্রোটিয়া বোলিং অলরাউন্ডার কোরবিন বোচ।

ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা চালান শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কেশব মহারাজের বলে আউট হন পান্ডিয়া। ৩৭ বলে ৪২ রান করেন দুবে। এছাড়া আর্শদিপ ১ রান করেন। আর রানের দেখা পাননি বরুণ চক্রবর্তী, রিংকু সিং ও জাস্প্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। তিনটি উইকেট নেন কেশব মহারাজ।

এর আগে আহমেদাবাদে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। জাস্প্রিত বুমরাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার কুইন্টন ডি কক। পরের দুই ওভারে আউট হন এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটন। আউট হওয়ার আগে ডি কক ৬, মারক্রাম ৪ ও রিকেলটন ৭ রান করেন।

মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ক্রমেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। মাত্র ৫০ বলে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা।

মাত্র ২৯ বলে তিনটি করে চার ও ছয়ের মাধ্যমে ৪৫ রান করে আউট হন ব্রেভিস। এদিকে ফিফটি তুলে নেন মিলার। তার ইনিংস থামে ৬৩ রানে। ৩৫ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয় দক্ষিণ আফ্রিকার। শেষদিকে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ট্রিস্টান স্টাবস। মাত্র ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মার্কো ইয়ানসেন ২, কোরবিন বোচ ৫ ও ক্যাগিসো রাবাদা শূন্য রান করেন।

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন আর্শদিপ সিং। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন বরুণ চক্রবর্তী ও শিবাম দুবে।

বিজ্ঞাপন

পড়ুন : বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন