ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। নতুন চুক্তি তালিকায় সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো, বিরাট কোহলি ও রোহিত শর্মার ‘গ্রেড এ’ থেকে অবনমন হয়ে ‘গ্রেড বি’-তে নেমে যাওয়া। তবে এর পাশাপাশি চমক তৈরি করেছে কয়েকজন পরিচিত মুখের চুক্তি থেকে সম্পূর্ণ বাদ পড়া।
বিসিসিআই প্রকাশিত তালিকায় জায়গা পাননি মোহাম্মদ শামি, ইশান কিশান ও সরফরাজ খান। পিটিআইয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কী কারণে এই তিন ক্রিকেটারকে নতুন চুক্তি তালিকার বাইরে রাখা হয়েছে।
গত মৌসুমের চুক্তি অনুযায়ী, মোট ৩৪ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন। তবে এবারের তালিকা সংক্ষিপ্ত করে নামিয়ে আনা হয়েছে ৩০ জনে। এই প্রক্রিয়ায় অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি, উইকেটকিপার-ব্যাটার ইশান কিশান, পেসার মুকেশ কুমার এবং মুম্বাইয়ের ব্যাটার সরফরাজ খান বাদ পড়েছেন।
আরও পড়ুন: যে কারণে স্বস্তির নিশ্বাস ফেলল বিসিবি
প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট চুক্তি চক্রে এই চার ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে একটিও ম্যাচ খেলেননি। মূলত এই কারণেই তাদের নাম রাখা হয়নি কেন্দ্রীয় চুক্তিতে।
মোহাম্মদ শামির বাদ পড়া ইঙ্গিত দিচ্ছে যে, নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি আর নেই। যদিও ইশান কিশান টি–টোয়েন্টি আন্তর্জাতিক দলে দুর্দান্তভাবে ফিরেছেন, তবে তা হয়েছে নতুন চুক্তি চক্র শুরু হওয়ার পর। ফলে আগের চক্রে ম্যাচ না থাকায় তিনিও চুক্তি ধরে রাখতে পারেননি।
মুকেশ কুমার গত মৌসুমে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এবং বর্তমানে তিনি নির্বাচকদের বিবেচনাতেও নেই। একই অবস্থা সরফরাজ খানের। অস্ট্রেলিয়া সফরে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলার কারণে তার পক্ষেও চুক্তি ধরে রাখা সম্ভব হয়নি।
৩০ জনের এই তালিকায় মাত্র তিনজন ক্রিকেটার গ্রেড ‘এ’ চুক্তি পেয়েছেন। গ্রেড ‘বি’-তে রয়েছেন ১১ জন এবং গ্রেড ‘সি’-তে রাখা হয়েছে ১৬ জন ক্রিকেটারকে। তুলনামূলক ছোট হলেও একটি চমক হলো, অক্ষর প্যাটেলকে গ্রেড ‘সি’-তে রাখা। নিয়মিত ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলা এবং টেস্ট দলের অংশ হওয়া সত্ত্বেও তাকে এক ফরম্যাটের ক্রিকেটারদের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে।
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি ২০২৫–২৬
গ্রেড এ:
শুবমান গিল, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
গ্রেড বি:
ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার
গ্রেড সি:
অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিভম দুবে, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই, ঋতুরাজ গায়কোয়াড়
পড়ুন:বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
দেখুন:বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
ইম/


