আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান সরকার সোমবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ দিয়েছে। ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় এনে। এর মধ্যে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক সংলাপের ফলাফল, বিভিন্ন ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেলিফোনে আলোচনা। ওই আলোচনায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চলমান অচলাবস্থা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান। খবর জিও সুপারের।
পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আনুষ্ঠানিকভাবে আইসিসি, বিসিবি ও পিসিবির মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল সম্পর্কে অবহিত করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পিসিবির কাছে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের সমর্থনসূচক বার্তাগুলো পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার। এসব বার্তায় সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে পাকিস্তানের নেতৃত্ব কামনা করা হয়েছে।’
সরকার আরও জানায়, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা হয়েছে। পাকিস্তান পুনর্ব্যক্ত করেছে যে, তারা বাংলাদেশের পাশে আগের মতোই দৃঢ়ভাবে দাঁড়াবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সৌহার্দ্যপূর্ণ সেই আলোচনায় দুই নেতা স্মরণ করেন, কঠিন সময়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা সবসময় একে অপরের পাশে থেকেছে। ওই সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চলমান অচলাবস্থা বন্ধুত্বপূর্ণভাবে সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
সব দিক বিবেচনায় নিয়ে সরকার জানিয়েছে, ‘বহুপাক্ষিক আলোচনার পরের অগ্রগতি এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার নির্দেশ দিচ্ছে যে, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মাঠে নামবে।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

