ভারতের রাজধানী নয়াদিল্লিতে আদালতের নির্দেশে প্রভাবশালী সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)-এর কার্যালয় সিলগালা করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতীয় দৈনিক দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সিলগালার সময় পুলিশ ও ইউএনআই কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইউএনআই ও এর মালিক প্রতিষ্ঠান।
ইউএনআই এক বার্তায় অভিযোগ করে, ‘কর্মীদের জোর করে বের করে দেয়া হয়েছে, অনেককে ব্যক্তিগত জিনিসপত্র নেওয়ার সুযোগ দেয়া হয়নি।’ আরও বলা হয়, ‘নারী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং কিছু পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে মদ্যপ ছিলেন।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। এক কর্মকর্তা বলেন, ‘সবধরনের আইনি প্রক্রিয়া মেনে কাজ করা হয়েছে এবং আইনের বাইরে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। পুরো ঘটনাটি ভিডিও করা হয়েছে।’
এদিকে ভারতের কমিউনিস্ট পার্টির আইনপ্রণেতা সন্তোষ কুমার এ ঘটনাকে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নজিরবিহীন আঘাত’ বলে মন্তব্য করেছেন।
পড়ুন- ইসরায়েলের কেন্দ্রস্থলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উদ্ধারকারী দল মোতায়েন


