ভারতে ইসরায়েলি এক নারী পর্যটক ও আরেক নারীকে ধর্ষণ এবং ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থানের কাছে অপর এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি আদালত ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছেন।
মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর দক্ষিণ ভারতের একটি গ্রামে পাঁচজনের একটি দলের ওপর হামলা চালান অভিযুক্তরা। ওই দলে ইসরায়েলি ওই নারী ও আরেক পর্যটক এবং একজন মার্কিন নাগরিক ছিলেন।
ওই সময় দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দর্শনার্থীদের কাছে জনপ্রিয় এবং পাথুরে টিলা ও বিস্তৃত মন্দিরের ধ্বংসাবশেষের জন্য পরিচিত বেঙ্গালুরুর হাম্পি এলাকা। ওই এলাকায় বিদেশি পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন রাতে হামলাকারীরা ইসরায়েলি নারী পর্যটক ও তার হোমস্টের মালিক নারীকে ধর্ষণ করে তিন অভিযুক্ত। ওই সময় নারী পর্যটকের সঙ্গে থাকা অপর তিন পুরুষকে একটি খালে নামিয়ে দেয় তারা। তাদের একজন ওড়িশা রাজ্যের বাসিন্দা। পর দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আদালতের নথিতে বলা হয়েছে, সোমবার জেলা আদালতের বিচারক হত্যা মামলায় দোষী সাব্যস্ত তিন হামলাকারীকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি ধর্ষণসহ অন্যান্য অপরাধে তাদের কারাদণ্ডও দেওয়া হয়।
বিচারক বলেছেন, অভিযুক্তদের অপরাধ একেবারে বিরলতম ঘটনার মধ্যে বিরল। তবে ওই সাজা কার্যকর করার জন্য কর্ণাটকের হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও পাবেন অভিযুক্তরা।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে নারীদের বিরুদ্ধে দীর্ঘদিনের সহিংসতার বিষয়টি নতুন করে সামনে এনেছে এই মামলা। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারতে ২৯ হাজার ৬৭০টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে।
ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে। যদিও বাস্তবে তা খুব কমই প্রয়োগ করা হয়। এর আগে দেশটিতে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ২০২০ সালের মার্চে। ওই সময় দিল্লির একটি বাসে ২০১২ সালে সংঘটিত গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষী চারজনকে ফাঁসি দেওয়া হয়। ওই মামলা সারা দেশে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল।
পড়ুন:হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ |
ইমি/


