ভারতের কলকাতায় মৃত্যু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। সোমবার বিকেলে জানাজা শেষে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলা কোর্ট চত্বরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি উপজেলার বেড়বাড়ীতে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। বিকেল তিনটার দিকে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে গিয়ে আত্মগোপন করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ ছয় দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে সম্প্রতি কলকাতায় যান তাঁর মেয়ে জাকিয়া ইসলাম।
গতকাল রোববার রাতে তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে টাঙ্গাইল শহরের বাসায় পৌঁছায়।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দ্বিতীয় মেয়াদেও একই পদে দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনে তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি সরকারি সাদত কলেজ ছাত্র সংসদের দুইবার ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হওয়ায় তিনি ‘ভিপি জোয়াহের’ নামেও পরিচিত ছিলেন।
পড়ুন:মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
দেখুন:মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
ইমি/


