ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, একটি প্রাইভেটকার ও চালকসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।
পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। আটককৃত চারজন পুলিশ হেফাজতে রয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া খবরের সতত্যা নিশ্চিত করেছেন।
তবে সাংবাদিকদের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করতে দেয়নি। এর আগে গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী-কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।


